
বি.এম. সাদ্দাম হোসেন ; স্টাফ রিপোর্টারঃ
একজন বাবা তার মৃত সন্তানকে কোলে নিয়ে কতক্ষণ হাঁটতে পারেন? এক ঘণ্টা? দুই ঘণ্টা?
কিন্তু এই বাবা হাঁটলেন ঘণ্টার পর ঘণ্টা—অসহায়তা আর বেদনার ভার বুকে নিয়ে।
মাত্র ৩ বছরের একটি শিশু। যে বয়সে পৃথিবীকে চেনার কথা, খেলাধুলায় মেতে থাকার কথা—সেই বয়সেই জীবন থেমে গেলো হামের আক্রমণে।
প্রথমে স্থানীয় হাসপাতালে ছুটে যান বাবা-মা। কিন্তু সেখানে নেই প্রয়োজনীয় টিকা। শেষ আশায় রওনা দেন মহাখালীর উদ্দেশ্যে।
কোনো অ্যাম্বুলেন্স নেই, নেই কোনো জরুরি ব্যবস্থা—তাই সন্তানের নিথর শরীর বুকে নিয়েই শুরু হয় এক দৌড়।
কামরাঙ্গীরচর থেকে মহাখালী—
প্রচণ্ড গরমে যেখানে সাধারণ মানুষ কয়েক মিনিট হাঁটলেই ক্লান্ত হয়ে পড়ে, সেখানে এই বাবা ছুটেছেন পাগলের মতো। পেছনে সন্তানের মা, কান্নায় ভেঙে পড়ে দৌড়াতে দৌড়াতে অনুসরণ করছেন।
কিন্তু নির্মম বাস্তবতা—মহাখালী পৌঁছে জানা গেল, সেখানেও নেই টিকা।
শেষ পর্যন্ত বিনা চিকিৎসাতেই ঝরে গেলো একটি নিষ্পাপ প্রাণ।
এখন সেই বাবা আবার হাঁটছেন—তবে আর জীবনের জন্য নয়, সন্তানের নিথর দেহ বুকে নিয়ে ফিরে যাওয়ার জন্য।
চারদিকে প্রশ্ন, ক্ষোভ, বেদনা—
কিন্তু জবাব দেওয়ার মতো কেউ নেই।
এই ঘটনাই তুলে ধরে এক ভয়াবহ বাস্তবতা—
যেখানে শিশুরা মারা যায় টিকার অভাবে, আর দায়িত্বশীলরা ব্যস্ত থাকে নিজেদের রাজনীতির খেলায়।
আমরা অনেকেই ভাবি রাজনীতি থেকে দূরে থাকব।
কিন্তু বাস্তবতা হলো—আমাদের জীবন, আমাদের সন্তানের ভবিষ্যৎ—সবই নির্ভর করে সেই সিদ্ধান্তগুলোর ওপর, যা নেওয়া হয় ক্ষমতার মঞ্চে।
সময় বদলায়, জিনিসপত্রের দাম বাড়ে—
কিন্তু এই দেশের সাধারণ মানুষের জীবনের মূল্য কি কখনো বাড়ে?