
শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
‘এসো রক্তদানে এগিয়ে যাই’—এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে ইয়ুথ অ্যাকশন সোসাইটির (ইয়াস) অঙ্গসংগঠন ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ, রক্তযোদ্ধাদের অভিজ্ঞতা বিনিময়, শুভেচ্ছা স্মারক প্রদান, কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইয়াস ব্লাড ব্যাংকের আহ্বায়ক ইমাম মাহাদি হাসান (আকাশ)-এর সভাপতিত্বে এবং ফারজানা ইমামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ও গবেষক ইসমাঈল মুসাফির। বিশেষ অতিথি ছিলেন রক্তযোদ্ধা মো. আমির হোসেন তালুকদার, ইয়ুথ অ্যাকশন সোসাইটির সভাপতি মো. আবির হোসেন রানা, সহ-সভাপতি মো. শাকিল হাওলাদার রনি এবং সাধারণ সম্পাদক মো. মাহিদুল ইসলাম রাব্বি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে ইয়াস ব্লাড ব্যাংকের ছয় বছরের পথচলা ও রক্তসেবা কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত রক্তযোদ্ধাদের ফুল ও হাতে লেখা শুভেচ্ছা চিঠি দিয়ে বরণ করা হয় এবং তাঁদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। রক্তযোদ্ধারা তাঁদের রক্তদানের অভিজ্ঞতা তুলে ধরে স্মৃতিচারণ করেন।
সুবিধাবঞ্চিত, দুস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে রক্তসেবা নিশ্চিত করতে অনুষ্ঠানে কয়েকটি রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের হাতে রক্তের ব্যাগ তুলে দেওয়া হয়।
এ ছাড়া নতুন রক্তদাতা তৈরি, শিক্ষাপ্রতিষ্ঠানে রক্তের গ্রুপ নির্ণয়, জরুরি রক্তদাতা নেটওয়ার্ক শক্তিশালী করা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে সমন্বয় বৃদ্ধিসহ ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা তরুণদের স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা রক্তদানের মতো মানবিক কার্যক্রমকে আরও বিস্তৃত ও সুসংগঠিত করার আহ্বান জানান।
পরে অতিথি, রক্তযোদ্ধা ও সংগঠনের দায়িত্বশীলদের অংশগ্রহণে সম্মিলিত ছবি তোলা হয়। দোয়া ও মোনাজাত শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
অনুষ্ঠানের সভাপতি ইমাম মাহাদি হাসান (আকাশ) উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে ইয়াস ব্লাড ব্যাংকের রক্তসেবা কার্যক্রম আরও সুসংগঠিত ও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।