
স্টাফ রিপোর্টার (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ডে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, কাশিমপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং কাশিমপুর থানা শ্রমিক দলের আহ্বায়ক জনাব মোঃ আনোয়ার হোসেন মৃধা।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি ২ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সারাবো পূজা মন্ডপ এবং ভবানীপুর পূজা মন্ডপসহ এলাকার অন্যান্য পূজা মন্ডপ ঘুরে দেখেন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় সারাবো এবং ভবানীপুর পূজা মন্ডপে আয়োজিত শারদীয় উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আনোয়ার হোসেন মৃধা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল থেকেই এখানে সকল ধর্মের মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্যাপন করে আসছে। সম্প্রীতি ও শান্তির এই ধারা বজায় রাখতে আমরা সবসময় সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।"
মন্ডপ পরিদর্শনের সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং পূজা উদ্যাপন কমিটির কর্মকর্তা ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। মন্ডপ কর্তৃপক্ষ আনোয়ার হোসেন মৃধার আগমন ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।